দেশের একাধিক অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, রাতের মধ্যে দেশের ১৫টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। রোববার (৩ মে) দুপুর ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নৌযানগুলোকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতিভারী বৃষ্টিপাতও হতে পারে।
সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকার এবং ঝড়ের সময় নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে।