বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান সফরে যাচ্ছেন। আগামী ৪ মে থেকে ২১ মে পর্যন্ত পাকিস্তানের লাহোরে অবস্থিত সিভিল সার্ভিসেস একাডেমিতে এই “এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম” অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়। আদেশে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদ উল্লাহ মারুফ।
প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন একজন অতিরিক্ত সচিব ও ১১ জন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা। তারা স্বাস্থ্য সেবা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিসিএস প্রশাসন একাডেমি থেকে মনোনীত হয়েছেন। সরকারি আদেশে বলা হয়েছে, এই প্রশিক্ষণের ব্যয় পাকিস্তান সরকার বহন করবে, ফলে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক দায় থাকবে না। অংশগ্রহণকারীরা স্থানীয় মুদ্রায় বেতন ও ভাতাদি গ্রহণ করবেন এবং এই সময়কাল ‘অন ডিউটি’ হিসেবে গণ্য হবে।
প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে হবে। অনুমোদিত সময়ের বাইরে কোনো অবস্থান না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ধারাবাহিকতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।