মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরান যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। তাঁর মতে, ইরান বর্তমানে গভীর রাজনৈতিক ও প্রশাসনিক সংকটে রয়েছে এবং দেশটি কার্যত ‘ধসের মুখে’ অবস্থান করছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, ইরানের অভ্যন্তরে নেতৃত্ব নিয়ে চরম বিভ্রান্তি চলছে এবং দেশটির প্রকৃত শাসক কে—তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি লেখেন, “ইরান নেতৃত্ব সংকট সমাধানের চেষ্টা করছে এবং একই সঙ্গে দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছে।”
তবে এসব দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ বা বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি। অন্যদিকে, এই পরিস্থিতিতে ভিন্ন অবস্থান নিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে। তাঁর অভিযোগ, পশ্চিমা দেশগুলো দ্বিচারিতা করছে এবং কিছু ক্ষেত্রে দস্যুতার মতো আচরণ করছে।
তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতিতে উপকূলবর্তী একটি দেশ তার নিরাপত্তা নিশ্চিত করতে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণের পদক্ষেপ নিতে পারে—এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাস্তবতা। বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে, কারণ বিশ্বের তেল সরবরাহের বড় একটি অংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হয়।
সূত্র: আল-জাজিরা