আগামী ‘কয়েক ঘণ্টা’র মধ্যেই ভারতের উত্তরাখণ্ডে টানেলে আটকেপড়া ৪১ শ্রমিককে বের করে আনা সম্ভব হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধারের পর শ্রমিকদের হাসপাতালে নেয়ার জন্য এরইমধ্যে টানেলের বাইরে প্রস্তুত রাখা হয়েছে ৪১টি অ্যাম্বুলেন্স।
টানেলে আটকে পড়াদের উদ্ধারকাজ গড়িয়েছে ১৩তম দিনে। উদ্ধারকাজের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ ধাপে রয়েছে। শিগগিরই আটকে পড়াদের উদ্ধার সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
উদ্ধারের পর আটকে পড়াদের হাসপাতালে নিতে প্রস্তুত রাখা হয়েছে ৪১টি অ্যাম্বুলেন্স।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গভীর রাত নাগাদ আটকে পড়া শ্রমিকদের থেকে মাত্র ১০ মিটার দূরে ছিল উদ্ধারকারী বাহিনী। উদ্ধারকারীরা আশা করছেন, শিগগিরই আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানো সম্ভব হবে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিবিসি এক প্রতিবেদনে জানায়, উত্তরাখণ্ডের নির্মাণাধীন টানেলের ভেতরে আটকেপড়া ৪১ শ্রমিককে ‘১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই’ উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। উদ্ধারকর্মীরা সুড়ঙ্গের ভেতরে পৌঁছে গেছেন। অক্সিজেন মাস্ক পরে পাইপের মাধ্যমে সুড়ঙ্গে ঢুকেছেন তারা।
ঘটনাস্থলে উপস্থিত ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক উপদেষ্টা ভাস্কর খুলবে বিবিসিকে বলেন, ‘আমাদের হিসাব অনুসারে শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য আরও ১৫ থেকে ১৮ মিটার সুড়ঙ্গ খনন করতে হবে; যার জন্য ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে।’
ঘটনাস্থলে অর্থাৎ টানেলের বাইরে ৪১টি অ্যাম্বুলেন্স অপেক্ষমান রয়েছে। তবে কর্তৃপক্ষ বলেছে, ‘টানেলের ভেতরে থাকা শ্রমিকরা সুস্থ আছেন। তাদের নিয়ে চিন্তার কোনও কারণ নেই।’