পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী সরকারের আমলে কৃষকদের ভাগ্য উন্নয়নে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। খাল ও নদী-নালা খননের কোনো কর্মসূচি না থাকায় দেশের জলাধারগুলো শুকিয়ে গেছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষকদের উন্নয়নের জন্য ধাপে ধাপে খাল খনন করা হবে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, যা অঞ্চলের উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করবে। পাশাপাশি রাস্তা, কালভার্ট ও ব্রিজসহ অবকাঠামো উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে। শামা ওবায়েদ আরও বলেন, বিএনপি জনগণের সেবায় নিয়োজিত একটি দল। দলমত নির্বিশেষে সবাইকে সেবা দেওয়া হবে এবং ১৭ কোটি মানুষের জন্য সমানভাবে কাজ করা হবে।
তিনি বলেন, নির্বাচনের পর এলাকায় যে মামলাগুলো হচ্ছে, সেগুলো রাজনৈতিক নয় বরং পারস্পরিক বিরোধজনিত। পাশাপাশি সালথায় চলমান সহিংসতা প্রসঙ্গে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।