লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ফুয়েল কার্ডের ছবির সঙ্গে চেহারার অমিলকে কেন্দ্র করে এক গ্যারেজ কর্মচারীকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে

ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএনও

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৮ সময় , আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৮ সময়

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ফুয়েল কার্ডের ছবির সঙ্গে চেহারার অমিলকে কেন্দ্র করে এক গ্যারেজ কর্মচারীকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে শামীমা আক্তার জাহান-এর বিরুদ্ধে। তিনি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট বাজারে অবস্থিত লুবানা ফিলিং স্টেশন-এ এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে।


স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ থাকায় এক কলেজ শিক্ষক নিজে মোটরসাইকেলে তেল নিতে যেতে না পারায় গ্যারেজ মালিকের সহায়তা নেন। পরে গ্যারেজ কর্মচারী নদী (১৮) ফুয়েল কার্ড ও টাকা নিয়ে লাইনে দাঁড়ান। এ সময় তদারকির দায়িত্বে থাকা ইউএনও কার্ডটি পরীক্ষা করে ছবির সঙ্গে চেহারার মিল না পাওয়ায় তাকে থাপ্পড় মারেন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।


ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও জনতার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে বিষয়টি পুনরায় যাচাই করা হলে জানা যায়, কার্ডটি বৈধ এবং অসুস্থ শিক্ষকের পক্ষ থেকেই তেল নেওয়া হচ্ছিল। প্রায় এক ঘণ্টা পর ওই তরুণকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী নদী জানান, তিনি কোনো অন্যায় করেননি, তবুও বিনা কারণে তাকে লাঞ্ছিত করা হয়েছে এবং তিনি এর বিচার দাবি করেন।


তবে অভিযোগ অস্বীকার করে শামীমা আক্তার জাহান বলেন, তিনি কাউকে মারেননি। শুধু নিয়ম না মানায় মোটরসাইকেলের চাবি নিয়েছিলেন এবং পরে অভিভাবকদের উপস্থিতিতে তা ফেরত দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯