অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগপ্রাপ্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং সাবেক সচিব ড. এম মাহফুজুল হকের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের বাকি মেয়াদ বাতিল করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১০ এপ্রিল পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান মো. ময়নুল ইসলাম। অন্যদিকে, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান সাবেক সচিব ড. এম মাহফুজুল হক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উভয়েরই দায়িত্বের অবশিষ্ট মেয়াদ আর কার্যকর থাকবে না।
এর আগে চলতি বছরের ৮ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় ময়নুল ইসলাম ও মাহফুজুল হকসহ মোট চারজন রাষ্ট্রদূতকে নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট সময়ও আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো।
প্রশাসনিক সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও কূটনৈতিক পদে পুনর্বিন্যাস এবং পূর্বের চুক্তিভিত্তিক নিয়োগ পুনর্মূল্যায়নের অংশ হিসেবেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।