জয়পুরহাটের আক্কেলপুরে পড়া না পারার কারণে নাহিদ হাসান (১০) নামে এক মাদ্রাসাছাত্রকে বেদম প্রহার করার অভিযোগ উঠেছে এক

মাদ্রাসাছাত্রকে বেদম নির্যাতন, প্রধান শিক্ষককে মারধর এলাকাবাসীর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৭ সময় , আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৭ সময়

জয়পুরহাটের আক্কেলপুরে পড়া না পারার কারণে নাহিদ হাসান (১০) নামে এক মাদ্রাসাছাত্রকে বেদম প্রহার করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক পালিয়ে গেলে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসার প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে মারধর করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। বুধবার (২২ এপ্রিল) উপজেলার রামশালা দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম আবু হুরাইরা, যিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।


স্থানীয়দের অভিযোগ, সকালে শিক্ষক আবু হুরাইরা শিক্ষার্থী নাহিদকে বেত্রাঘাত করেন। বিকেলে নাহিদের বাবা মিজানুর রহমান মাদ্রাসায় গিয়ে ছেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত শিক্ষক কৌশলে পালিয়ে যান। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদ্রাসার প্রধান শিক্ষক ওমর ফারুক রামশালা মোড়ে গেলে বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ফেলে। অভিযুক্ত শিক্ষককে পালাতে সহায়তা করার অভিযোগ তুলে তাকে মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।


নাহিদের বাবা মিজানুর রহমান বলেন, “শাসন করা নিয়ে আপত্তি নেই, কিন্তু যেভাবে মারা হয়েছে তা অমানবিক। একজন অপরাধীকেও এভাবে মারা হয় না।”

 অন্যদিকে প্রধান শিক্ষক ওমর ফারুক অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযুক্ত শিক্ষক নিজেই পালিয়ে গেছেন এবং তাকে সহায়তার অভিযোগ ভিত্তিহীন। তিনি দাবি করেন, উত্তেজিত জনতা ভুল বোঝাবুঝিতে তাকে লাঞ্ছিত করেছে।


মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, শিক্ষার্থীর শরীরের অবস্থা দেখে তিনিও বিস্মিত হয়েছেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯