বলিউড অভিনেত্রী আলিয়া ভাট-এর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করার অভিযোগ উঠেছে পাকিস্তানের একটি পোশাক সংস্থার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কোনো অনুমতি ছাড়াই অভিনেত্রীর বিভিন্ন লুক ব্যবহার করে নিজেদের ব্র্যান্ডের পোশাক বসিয়ে প্রচার চালাচ্ছে প্রতিষ্ঠানটি। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এনডিটিভি-এর প্রতিবেদন অনুযায়ী, ওই ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আলিয়ার একাধিক ছবি প্রকাশ করা হয়েছে। ছবিগুলোতে তাকে বিভিন্ন রঙের সিল্কের পোশাকে দেখা গেলেও বিশ্লেষণে বোঝা যায়—এসব ছবি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি। জানা যায়, আলিয়ার লরিয়েল প্যারিস র্যাম্প ওয়াক, মিলান ফ্যাশন উইক এবং ডিজাইনার সব্যসাচী-এর ফটোশুটের ছবি বিকৃত করে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। এমনকি বিজ্ঞাপনে দাবি করা হয়েছে—এই পোশাকগুলো আলিয়াও পছন্দ করবেন।
এই ঘটনায় ক্ষুব্ধ ভক্তরা এটিকে ‘প্রতারণা’ ও ‘নিম্নমানের মার্কেটিং’ হিসেবে আখ্যা দিয়েছেন। অনেকেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বলিউডের অনেক তারকা নিজেদের ছবি বা কণ্ঠ বিনা অনুমতিতে ব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন-সহ বেশ কয়েকজন তারকা ইতোমধ্যে ব্যক্তিগত ভাবমূর্তি রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছেন।
সূত্র: এনডিটিভি