বিগত সরকারের ভুল পরিকল্পনা ও দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে ভঙ্গুর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি এতটাই জটিল যে এটি কার্যত ‘মেরামতের অযোগ্য’ পর্যায়ে পৌঁছেছে। রোববার (১৯ এপ্রিল) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের বিষয় ছিল ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জসমূহ’।
প্রতিমন্ত্রী বলেন, বিচ্ছিন্ন সংস্কার বা ছোট ছোট উদ্যোগ দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠন করা সম্ভব নয়। তার মতে, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে পুরো কাঠামোই দুর্বল হয়ে পড়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং একটি টেকসই ও আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। সাম্প্রতিক হামের সংক্রমণের উদাহরণ টেনে তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হলে বহু শিশুর জীবন রক্ষা করা সম্ভব হতো।
তিনি অভিযোগ করেন, অতীত সরকারের নীতিগত দুর্বলতা ও অবহেলার কারণে স্বাস্থ্যখাতে বড় ধরনের ক্ষতি হয়েছে, যার প্রভাব এখনো বহন করতে হচ্ছে। তবে তিনি এটিকে একইসঙ্গে একটি সুযোগ হিসেবেও উল্লেখ করেন এবং বলেন, বর্তমান সময়ে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের পরিবেশ তৈরি হয়েছে। সেমিনারে বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রশাসনিক কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।