প্রথম দফা নির্বাচনের আগে শেষ ছুটির দিনে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম-এ নির্বাচনী প্রচারে গিয়ে ভিন্ন এক দৃশ্যে দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে। রোববার (১৯ এপ্রিল) প্রচারের ফাঁকে তিনি রাস্তার পাশের একটি ঝালমুড়ির দোকানে হঠাৎ ঢুকে পড়েন এবং নিজে ঝালমুড়ি কিনে খান। এ সময় উপস্থিত জনতা তাকে ঘিরে ভিড় জমায়। পরে তিনি দোকানদারের সঙ্গে ঝালমুড়ি ভাগ করে খান এবং খাওয়ার পর ১০ রুপি পরিশোধ করেন।
স্থানীয়দের মতে, সভামঞ্চ থেকে হেলিকপ্টারে ওঠার আগে আকস্মিকভাবে তিনি রাস্তার দোকানে গিয়ে উপস্থিত হন, যা সাধারণ মানুষের জন্য ছিল একেবারেই অপ্রত্যাশিত ঘটনা। ঝাড়গ্রামের রাজকলেজ মোড়ের ওই দোকানের মালিক বিক্রম সাউ জানান, এ ধরনের মুহূর্ত তার জীবনে আগে কখনও ঘটেনি এবং ঘটনাটি এখনও তাকে বিস্মিত করছে।
প্রচারের সময় রাজনৈতিক বক্তব্যে মোদি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, দুর্নীতি ও সিন্ডিকেট রাজ্যের উন্নয়ন বাধাগ্রস্ত করছে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প রাজ্যে বাধাগ্রস্ত হচ্ছে এবং বিদ্যুৎ খাতে স্বনির্ভরতার লক্ষ্যে ‘সোলার প্রকল্প’ বাস্তবায়নের কথা উল্লেখ করেন।
এই জনসংযোগ ও রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।