দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও ব্যক্তিগত সম্পদ অর্জনে অনীহা ও সততার কথা তুলে ধরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে ভোলার তজুমদ্দিন-এ আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এটি স্পিকার নির্বাচিত হওয়ার পর তার প্রথম সফর হিসেবে উল্লেখ করা হয়।
তিনি জানান, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে দায়িত্ব পালন করলেও ঢাকায় নিজের কোনো বাড়ি তিনি তৈরি করেননি এবং এখনো বাবার রেখে যাওয়া ফ্ল্যাটে বসবাস করছেন। অনুষ্ঠানে তিনি বলেন, অতীতে পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি স্থানীয় উন্নয়ন প্রকল্পে অবদান রাখলেও ব্যক্তিগতভাবে কোনো অনৈতিক সুবিধা নেননি। তার দাবি, রাজনীতিতে লুটপাট বা দখলদারিত্বের চর্চা তিনি কখনো করেননি।
তিনি আরও বলেন, রাজনৈতিক নেতৃত্বকে অবশ্যই জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে এবং দুর্নীতি থেকে দূরে থাকতে হবে। তার মতে, অতীতের অনিয়মের কারণে জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিগত রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, জনগণের আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এসেছে এবং দেশকে অস্থিতিশীলতা থেকে দূরে রাখতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার স্বাস্থ্য ও বিভিন্ন সরকারি দপ্তরের জনবল সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।