বলিউডে নিজের জায়গা তৈরি করতে গিয়ে নানা বাধা ও ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া-কে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন ইন্ডাস্ট্রির পর্দার আড়ালের ‘রাজনীতি’ এবং তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্যারিয়ারের শুরুর দিকে বলিউডের নানা মারপ্যাঁচে পড়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই অভিনেত্রী। তিনি জানান, তখন ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতির প্রকৃত অর্থও তিনি বুঝতেন না।
প্রিয়াঙ্কা বলেন, শুরুতে তিনি মনে করতেন—যেমন তার বাবা-মা তার সাফল্য চান, তেমনি বড় তারকারাও নিশ্চয়ই তাদের সন্তানদের সফল দেখতে চান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির বাস্তব চিত্র বুঝতে পারেন তিনি। অভিনেত্রী জানান, সালাম-এ-ইশ্ক ছবির শুটিংয়ের সময় একটি বড় বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও হঠাৎ করে তাকে বাদ দেওয়া হয়। এমনকি সহ-অভিনেতার কাছ থেকেই তিনি জানতে পারেন যে, তাকে আর ওই সিনেমায় রাখা হচ্ছে না।
এ ধরনের ঘটনায় অপমানিত ও হতাশ হয়ে পড়েন তিনি। একাধিকবার গুরুত্বপূর্ণ চরিত্র থেকে বাদ পড়ার অভিজ্ঞতাও ছিল তার। এমন পরিস্থিতিতে একসময় অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন প্রিয়াঙ্কা। তবে শেষ পর্যন্ত নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যান তিনি। ধারাবাহিক প্রচেষ্টা ও প্রতিভার জোরে আজ তিনি শুধু বলিউডেই নয়, হলিউডেও প্রতিষ্ঠিত একজন সফল অভিনেত্রী। ‘দেশি গার্ল’ নামে পরিচিত এই তারকা এখন সত্যিকারের গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন।
সূত্র: ভারতীয় গণমাধ্যম