যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরু হওয়ার ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক আইন বারবার উপেক্ষিত হচ্ছে। শক্তি প্রয়োগের ক্ষেত্রে প্রচলিত আন্তর্জাতিক নিয়মাবলি মানা হচ্ছে না, যা বৈশ্বিক শান্তির জন্য বড় হুমকি। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কোনো সামরিক সমাধান নেই। স্থায়ী সমাধানের জন্য আলোচনার বিকল্প নেই এবং সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত কূটনৈতিক পথে ফিরতে হবে।
জাতিসংঘ মহাসচিব জোর দিয়ে বলেন, যেকোনো মূল্যে যুদ্ধবিরতির শর্তগুলো বজায় রাখতে হবে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। আল-জাজিরার তথ্য অনুযায়ী, গুতেরেসের এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে। তিনি বৈশ্বিক শক্তিগুলোকে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানিয়েছেন।
সূত্র: আল-জাজিরা