ভারতীয় সংগীতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে মুম্বাইয়ে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে সংগীত জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে। এর আগে ভক্তদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ নিজ বাসভবনে রাখা হয়েছে।
উল্লেখ্য, একই স্থানে তার বড় বোন লতা মঙ্গেশকরের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ উপস্থিত থাকার কথা রয়েছে। সাত দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে আশা ভোঁসলে ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন। হিন্দির পাশাপাশি ২০টিরও বেশি ভাষায় গান গেয়ে তিনি বিশ্বজুড়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন। গজল, শাস্ত্রীয় ও আধুনিক—সব ধরনের সংগীতেই ছিল তার অসাধারণ দখল।
তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারসহ পদ্মবিভূষণ এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। তার প্রয়াণে বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা শোক প্রকাশ করেছেন। শাহরুখ খান, কাজল, শ্রেয়া ঘোষাল, কারিনা কাপুর খান, ভিকি কৌশল, রাম গোপাল ভার্মা, আনু মালিক, কমল হাসান এবং জুনিয়র এনটিআরসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন।
অভিনেতা মনোজ বাজপেয়ী বলেন, তার গান শুনেই অনেকেই বড় হয়েছেন এবং তার কণ্ঠ চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। অভিনেতা রামচরণ বলেন, এটি ভারতীয় সংগীতের জন্য এক অপূরণীয় ক্ষতি।