পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আসন্ন আলোচনায় অগ্রগতি না হলে ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনার কথা জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সম্ভাব্য সামরিক পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ সংযোজন করা হচ্ছে।
তিনি বলেন, “আমাদের নতুন করে শুরু করার কাজ চলছে। আমরা জাহাজগুলোতে এখন পর্যন্ত তৈরি সবচেয়ে উন্নত অস্ত্র ও গোলাবারুদ সংযোজন করছি। আগের চেয়েও আরও ভয়াবহ আঘাত হানা সম্ভব হবে।”
ট্রাম্প আরও দাবি করেন, পূর্বের এক হামলায় ইরানকে ‘চূর্ণ-বিচূর্ণ’ করা হয়েছিল। তিনি সতর্ক করে বলেন, “ইসলামাবাদে আলোচনা সফল না হলে এই অস্ত্রগুলো অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করা হবে।”
বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট