লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ইটভাটায় কাজ করতে অস্বীকৃতি জানানোয় কালু মিয়া নামে এক শ্রমিককে দুই হাত বেঁধে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত সর্দার ইসমাইল হোসেনের বিরুদ্ধে এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের মৌলভিরহাট এলাকার স্লুইসগেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার (১০ এপ্রিল) নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, কালু মিয়াকে একটি দোকানের আঁড়ার সঙ্গে বেঁধে ঝুলিয়ে লাঠি দিয়ে মারধর করছেন ইসমাইল হোসেন। একই সঙ্গে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে জোরপূর্বক কথা বলানো হচ্ছে। ভুক্তভোগীর স্বজনদের দাবি, বছরের শুরুতে ৬ মাসের জন্য ৮০ হাজার টাকায় কালু মিয়াকে ইটভাটায় কাজের জন্য নিয়ে যান ইসমাইল। পরে তিনি চট্টগ্রামের একটি ইটভাটায় কাজ করছিলেন। কিন্তু অসুস্থ হয়ে বাড়ি ফিরে শ্বশুরবাড়িতে অবস্থান নিলে তাকে আবার জোর করে ধরে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ রয়েছে, শ্বশুরবাড়ি থেকে ধরে এনে ফজুমিয়ারহাট এলাকার একটি অফিসে নিয়ে দুই হাত বেঁধে ঝুলিয়ে নির্যাতন করা হয়। একপর্যায়ে ভয় দেখিয়ে পুনরায় কাজে যোগ দেওয়ার সম্মতি আদায় করা হয়। নির্যাতনের সময় কালু মিয়া অসুস্থ হয়ে পড়লে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে শ্বশুরবাড়ির জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযুক্ত ইসমাইল হোসেন ঘটনার আংশিক সত্যতা স্বীকার করে দাবি করেন, কালু মিয়া নিয়মিত কাজ করছিলেন না। তবে তাকে গুরুতর মারধর করা হয়নি, শুধু ভয় দেখানো হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অপরাধ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।