ফরিদপুরের সালথা উপজেলাতে অবৈধভাবে জ্বালানি তেল ক্রয় ও ইজিবাইকে পরিবহনের অভিযোগে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দবির উদ্দিন এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান।
ভ্রাম্যমাণ আদালতের প্রতিবেদনে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি ইজিবাইকে ড্রামভর্তি ১৯৩ লিটার পেট্রল বহনের সময় জুবায়েরকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি উপজেলার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন।
ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা তেল স্থানীয় মেসার্স মনোয়ারা পেট্রোল পাম্পে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অনিয়মের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।