সিরাজগঞ্জে বোরো মৌসুমে ডিজেল সংকটের কারণে কৃষকরা সেচে সমস্যার মুখে পড়েছেন। ধানের শীষ বের হওয়ার সময়ে পানি না পেলে ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৪১ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৭০২ হেক্টর জমিতে ৩৬ হাজার ১১৭টি ডিজেলচালিত পাম্প ব্যবহার করা হচ্ছে। তবে ডিজেলের মূল্যবৃদ্ধি ও ঘাটতির কারণে পাম্প চালানো সীমিত হয়েছে।
কৃষকরা জানান, ৫ বিঘা জমিতে সেচ দিতে দৈনিক ৫-৬ লিটার ডিজেল প্রয়োজন। দাম লিটারপ্রতি ১৩০ টাকা হওয়ায় খরচ বেড়ে গেছে। নলকা এলাকার আজিজ পাম্পের ম্যানেজার সাগর শেখ বলেন, ডিজেলের অভাবে পাম্প সীমিত সময়ে চালানো হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ. কে. এম. মনজুরে মাওলা জানিয়েছেন, প্রশাসন ও সেচ কমিটির সঙ্গে সমন্বয় করে কৃষকদের ন্যায্যমূল্যে ডিজেল পৌঁছে দেওয়া হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে এবং ফুয়েল কার্ডের মতো ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম আশা প্রকাশ করেছেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং কৃষকরা প্রয়োজনীয় ডিজেল পাবেন।