নাসার আর্টেমিস-২ মিশনের ওরিয়ন মহাকাশযান সম্প্রতি চাঁদের অন্ধকার অংশ (ফার সাইড) প্রদক্ষিণের সময় ৪০ মিনিটের জন্য পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময়ে চার নভোচারী কাটান মহাজাগতিক এক নিস্তব্ধতা ও রহস্যময় অভিজ্ঞতায়। মিশন কন্ট্রোলের কোনো নির্দেশনা না থাকলেও মহাকাশযানটি পরিচালিত হয় তার প্রি-প্রোগ্রামড কম্পিউটারের মাধ্যমে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগ মুহূর্তে পাইলট ভিক্টর গ্লোভার আবেগঘন বার্তায় জানান,
“পৃথিবীর সবচেয়ে বড় রহস্য হলো ভালোবাসা। নিচের সবাইকে আমরা চাঁদ থেকে অনেক ভালোবাসি।”
নভোচারীরা চাঁদের রুক্ষ ও প্রাচীন ল্যান্ডস্কেপ পর্যবেক্ষণ করেন, যেখানে সুউচ্চ পর্বত ও উল্কাপাতের ফলে তৈরি গভীর গর্ত তাদের মুগ্ধ ও বিস্মিত করে।
যোগাযোগ পুনঃস্থাপিত হওয়ার পর কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন তার পরিবারকে জানান,
“চাঁদের অপর পিঠ থেকে পৃথিবীর দিকে তাকিয়ে থাকা এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা দ্রুতই ফিরে আসছি।”
আর্টেমিস-২ মিশনের এই ‘ফ্লাই বাই’ এবং গুরুত্বপূর্ণ ইঞ্জিন বার্নের সফল সম্পন্ন হওয়া ভবিষ্যতে মহাকাশে আরও গভীর অভিযানের পথ প্রশস্ত করবে। ৪০ মিনিটের নীরবতা মানব মহাকাশ গবেষণার ইতিহাসে এক অনন্য ও শিহরণ জাগানো মুহূর্ত হিসেবে লিপিবদ্ধ হয়েছে।