সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তবে কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জানা গেছে, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। ওই মামলাটি করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। এতে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ মোট ১৭ জনকে আসামি করা হয়। একই মামলায় টিপু মুনশি ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা চারবার এই পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি তিনি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেন। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে তার অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল।
ডিবি জানিয়েছে, শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।