বঙ্গোপসাগরে টেকনাফের শাহপরীর দ্বীপের এক জেলের জালে একবারে ধরা পড়েছে ১০১ মণ ইলিশ। রোববার (৫ এপ্রিল) বিকেলে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসব মাছ বিক্রির জন্য আনা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা তা ৩৩ লাখ টাকায় কিনে নেন। মাছগুলো ধরা পড়েছে আবুল কালামের মালিকাধীন ‘এফবি দ্বীপ’ নামের ট্রলারে। প্রতিটি ইলিশের ওজন ৫০০ গ্রাম থেকে এক কেজির বেশি।
জেলে নুরুল ইসলাম মাঝি জানান, শুক্রবার (৩ এপ্রিল) ১৫ জেলে নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ শিকারে যায়। শুরুতে মাছ না পাওয়া গেলেও রবিবার ভোরে প্রায় ১০১ মণ ইলিশ ধরা পড়ে। টেকনাফের মাছ ব্যবসায়ী ফারুক এই মাছগুলো ৩৩ লাখ টাকায় ক্রয় করেন। শাহপরীর দ্বীপ ক্ষুদ্র মৎস্য সমিতির সভাপতি আবদুল গনি বলেন, দীর্ঘদিন কম ইলিশ ধরা পড়ায় জেলেরা বিপর্যস্ত ছিল। এবার কাঙ্ক্ষিত দাম পাওয়ায় ব্যবসায়ীরা ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ইলিশের চালান পাঠাচ্ছেন।
টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা শহিদুল আলম বলেন, সরকার মাছ ও ইলিশের প্রজনন বাড়াতে ৬৫ দিনের জন্য ধরা ও বিপণনে নিষেধাজ্ঞা জারি করে। এছাড়া অক্টোবরেও ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে চলতে হয়। নিষেধাজ্ঞার কারণে ইলিশের প্রজনন ও আকৃতি বৃদ্ধি পেয়েছে। এখন জেলেরা ইলিশ ধরার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে।