বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে শাহানাজ বেগম নামে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহানাজ বেগম (৭০) ওই এলাকার বাসিন্দা এবং প্রয়াত আবুল খালেকের স্ত্রী। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তার বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাতিজা আবু রায়হান সুজন জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। পরে ফোন পেয়ে দ্রুত বাড়িতে গিয়ে দেখেন শাহানাজ বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এছাড়া বাড়ির আরেক সদস্যকে একটি কক্ষে আটকে রাখা হয়েছিল। ময়দানহাট্টা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় পরিচিত বা আত্মীয়দের সম্পৃক্ততা থাকতে পারে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।