মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যেই কয়েক বছর পর আবারও ইরান থেকে তেল আমদানি শুরু

দীর্ঘ সাত বছর পর ইরান থেকে তেল কিনলো ভারত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময় , আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময়

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যেই কয়েক বছর পর আবারও ইরান থেকে তেল আমদানি শুরু করেছে ভারত। হরমুজ প্রণালি দিয়ে সরবরাহে বিঘ্ন এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার প্রকাশিত এক আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়, ভারতের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে—দেশটির রিফাইনারিগুলো ইরানসহ বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় অপরিশোধিত তেল সংগ্রহ করছে এবং ইরানি তেল আমদানিতে অর্থ পরিশোধের ক্ষেত্রে কোনো বাধা নেই। উল্লেখ্য, ২০১৯ সালের মে মাসের পর যুক্তরাষ্ট্রের চাপের কারণে ইরান থেকে তেল আমদানি বন্ধ রেখেছিল ভারত। তবে সাম্প্রতিক সরবরাহ সংকট মোকাবিলায় গত মাসে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করে, যার ফলে আবারও তেল কেনার সুযোগ তৈরি হয়।


ভারতের দাবি, আগামী কয়েক মাসের জন্য প্রয়োজনীয় তেলের পূর্ণ চাহিদা ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। দেশটি ৪০টিরও বেশি দেশ থেকে তেল আমদানি করে থাকে এবং বাণিজ্যিক স্বার্থে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের কৌশল বজায় রেখেছে। এদিকে, ইরান থেকে ৪৪ হাজার মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিও করেছে ভারত। নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি জাহাজে করে আনা এই গ্যাস ইতোমধ্যে মাঙ্গালুরু বন্দরে পৌঁছেছে এবং খালাস প্রক্রিয়া চলছে।


বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানির চাপ কমাতে যুক্তরাষ্ট্রের সাময়িক ছাড় এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি—এই দুইয়ের সমন্বয়েই ভারতের এই কৌশলগত সিদ্ধান্ত এসেছে। এটি ভবিষ্যতে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে।


সূত্র: রয়টার্স

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯