হামের প্রাদুর্ভাবে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই রিটটি করেন, যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। রিটে হামে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত চিত্র তুলে ধরতে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
এই প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা, সংক্রমণের বিস্তার, টিকাদানের হার, টিকার প্রাপ্যতা এবং সরকার কী কী পদক্ষেপ নিয়েছে—এসব বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করার দাবি জানানো হয়েছে। এছাড়া কেন সময়মতো টিকাদান কার্যক্রম জোরদার করা হয়নি, টিকার ঘাটতি ছিল কি না এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বিলম্ব কেন হয়েছে—এসব বিষয়ে একটি স্বাধীন ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত করার আবেদনও করা হয়েছে। রিটে বলা হয়েছে, টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা এবং স্বাস্থ্যসেবায় ঘাটতি সংবিধানে উল্লেখিত নাগরিকের সমঅধিকার, জীবনের নিরাপত্তা ও আইনের সুরক্ষার মৌলিক অধিকারের লঙ্ঘন।
একইসঙ্গে দেশব্যাপী জরুরি ভিত্তিতে হাম টিকাদান কর্মসূচি জোরদার করা, পর্যাপ্ত টিকা ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে। সংক্রমণ চলমান থাকায় স্কুলগুলোতে সংস্পর্শ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়াকেও জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি হিসেবে উল্লেখ করে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।