সিলেটে প্রশাসনিক হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তুলে সব ধরনের পেট্রোল পাম্পে জ্বালানি তেল ও সিএনজি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এই সিদ্ধান্তে পুরো বিভাগজুড়ে জ্বালানি সংকট ও পরিবহন অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটি এই কর্মসূচি ঘোষণা করে।
ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনিক জরিমানার নামে হয়রানি ও চাপের মুখে তারা পড়ছেন। বারবার অভিযোগ জানানো হলেও কোনো সমাধান না আসায় শেষ পর্যন্ত তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
সিলেট বিভাগীয় কমিটির নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই বন্ধ কর্মসূচি চলবে। এতে করে পুরো এলাকায় জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় সাধারণ মানুষ ও পরিবহন খাতে বড় ধরনের ভোগান্তি শুরু হয়েছে।
এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।