এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ। ১-০ গোলের এই হার সরাসরি প্রভাব ফেলেছে ফিফা র্যাঙ্কিংয়ে। সর্বশেষ তালিকায় এক ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮১তম। মাঠের পারফরম্যান্সে উন্নতির ইঙ্গিত মিললেও র্যাঙ্কিংয়ে অবনমন দলটির জন্য হতাশারই খবর। তবে শুধু বাংলাদেশ নয়, এই তালিকায় বড় পরিবর্তনের ধাক্কা লেগেছে বিশ্ব ফুটবলের শক্তিশালী কয়েকটি দলেও। সবচেয়ে বড় চমক দেখিয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলেদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে তারা দুই ধাপ এগিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে। সাম্প্রতিক ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়াকে হারানোর ফলেই তারা এক নম্বর অবস্থান দখল করে।
অন্যদিকে, আগের শীর্ষ দল স্পেন এক ধাপ পিছিয়ে এখন দ্বিতীয় স্থানে রয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থানও কিছুটা নেমে গেছে। লিওনেল মেসিদের দল দুই থেকে তিন নম্বরে নেমে এসেছে। একইভাবে ব্রাজিলও এক ধাপ পিছিয়ে এখন ষষ্ঠ স্থানে অবস্থান করছে।
চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড, যারা তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। আর এক ধাপ এগিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে পর্তুগাল, যার নেতৃত্বে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এদিকে ষষ্ঠ স্থানে থাকা ব্রাজিলের পর তালিকায় রয়েছে নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম ও জার্মানি।