ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদি জানিয়েছেন, বাংলাদেশের ছয়টি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান সরকার। বুধবার ঢাকায় ইরান দূতাবাসে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ওই জাহাজগুলোর নিরাপদ চলাচলের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। এর প্রেক্ষিতে ইরানের নিরাপত্তা কাউন্সিল প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে, যাতে জাহাজগুলো হরমুজ প্রণালি পার হতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে জ্বালানি সংকটজনিত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, তা ইরান পর্যবেক্ষণ করছে। ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ যেন জ্বালানি সরবরাহে কোনো বড় সংকটে না পড়ে, সেদিকে ইরান গুরুত্ব দিচ্ছে।
রাষ্ট্রদূত জানান, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান সহযোগিতা অব্যাহত রাখবে। একই সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইরানে আটকে পড়া ১৮০ জন বাংলাদেশি ইতোমধ্যে দেশে ফিরেছেন। যারা এখনও সেখানে অবস্থান করছেন এবং দেশে ফিরতে চান, তাদের জন্য ইরান সরকার সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
সূত্র: বিডি প্রতিদিন