মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব এবার পড়েছে বলিউডে। নিরাপত্তার কারণে সুপারস্টার শাহরুখ খান-এর নতুন সিনেমা ‘কিং’-এর দুবাই শুটিং বাতিল করেছে নির্মাতা টিম। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল দুবাইয়ের মরুভূমিতে সিনেমাটির গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য ধারণের পরিকল্পনা ছিল। সেখানে সুহানা খান ও অনিল কাপুর-এর অংশগ্রহণে বড় আকারের শুটিং হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পরিচালক সিদ্ধার্থ আনন্দ ঝুঁকি না নিয়ে শুটিং বাতিলের সিদ্ধান্ত নেন।
এর পরিবর্তে এখন মুম্বাইয়ের একটি স্টুডিওতে কৃত্রিম মরুভূমি সেট তৈরি করে শুটিং চলছে। নির্মাতারা জানিয়েছেন, ইনডোর সেট হলেও সিনেমার ভিজ্যুয়াল স্কেলে কোনো ঘাটতি থাকবে না, বরং আলো ও অ্যাকশন কোরিওগ্রাফিতে আরও নিয়ন্ত্রণ পাওয়া যাবে। সিনেমাটি শুরু থেকেই নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। শুটিং চলাকালে একাধিকবার বিরতি, দুর্ঘটনা এবং ইনজুরির কারণে কাজ ব্যাহত হয়। তবে সব বাধা পেরিয়ে টিম এখন দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছে। প্রায় ৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত কিছু অ্যাকশন দৃশ্য ইতিমধ্যে ইউরোপে ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
শাহরুখ-সুহানা জুটির বড় পর্দায় প্রথম একসঙ্গে উপস্থিতি এবং হাই-অকটেন অ্যাকশন গল্পের কারণে ‘কিং’কে বছরের অন্যতম বড় সিনেমা হিসেবে দেখা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এটি আগামী বড়দিনে মুক্তি পাওয়ার কথা।