ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব দ্রুত শেষের দিকে যাচ্ছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মার্কিন সামরিক অভিযানের ফলে ইরানের সক্ষমতা এতটাই দুর্বল হয়েছে যে অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী উপস্থিতির প্রয়োজনও আর নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলায় ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি অনুযায়ী, এই ধ্বংসযজ্ঞ থেকে ঘুরে দাঁড়াতে দেশটির অন্তত ১৫ থেকে ২০ বছর সময় লাগবে।
বুধবার (১ এপ্রিল) হোয়াইট হাউস-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি ভেঙে গেছে। তার ভাষায়, নৌ, স্থল ও বিমান বাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে।
তিনি আরও বলেন, ইরান যদি আলোচনায় আসে তবে তা ভালো, তবে তারা না এলেও যুক্তরাষ্ট্রের অবস্থানে এখন আর বড় কোনো পরিবর্তন হবে না। এই বক্তব্য এমন সময় এলো যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে এবং বিভিন্ন দেশ নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে।