সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে আকস্মিক হামলা চালানোর দাবি উঠেছে ইরানের বিরুদ্ধে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে একাধিক হামলা প্রতিহত করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আমিরাতের প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, দেশজুড়ে শোনা যাওয়া বিকট শব্দ আসলে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করার সময় সৃষ্টি হচ্ছে।
এদিকে কয়েক মিনিটের ব্যবধানে দুবাই শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য হামলার জবাবে প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত কাজ করছে। হামলার পরপরই বাসিন্দাদের মোবাইলে সতর্ক বার্তা পাঠানো হয়েছে, যেখানে সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান ধারাবাহিক পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে শুধু ইসরায়েল নয়, বরং অঞ্চলের বিভিন্ন মিত্র দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
সূত্র: বিবিসি