চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবৈধ জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলামসহ পুলিশ সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন। সলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক গেট সংলগ্ন এলাকায় একটি তেল সিন্ডিকেটের ডিপোতে অভিযান চালিয়ে মজুদকৃত তিনটি লরি ট্যাংক থেকে প্রায় ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।
প্রশাসনের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বিভিন্ন শিল্পকারখানা ও পরিবহন খাতে বেশি দামে বিক্রি করে আসছিল। এতে সরকারের রাজস্ব ক্ষতি এবং বাজারে অস্থিতিশীলতা তৈরি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় কার্যক্রম সীমিত থাকলেও রাতে গোপনে তেল আনা-নেওয়া চলত। বিষয়টি একাধিকবার জানানো হলেও এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, সংকট সৃষ্টি করে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে, সে জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।