খুলনায় একটি প্রাইভেটকার ও ট্রেনের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর আফিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন অমিত (২০), সামি (২১) ও মিম (২২)। সবাই শিরোমনি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা ক্রিকেট অনুশীলন শেষে বাড়ি ফিরছিলেন।
স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংটি অরক্ষিত ছিল, যার কারণে দুর্ঘটনা ঘটে। তবে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খানজাহান আলী থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান, তারা একটি মাঠে অনুশীলন শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন। অপরদিকে খুলনা রেলওয়ে থানার ওসি ফেরদৌস ইসলাম খান বলেন, দুর্ঘটনার পর রেল চলাচল স্বাভাবিক রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।