লালমনিরহাট থেকে যাত্রীবাহী বাসের মালামাল রাখার বাক্সে গাদাগাদি করে আনা ৫৫টি ছাগল দীর্ঘ পথে গরম ও পর্যাপ্ত বাতাসের

বাসের বাক্সে তীব্র গরমে দম বন্ধ হয়ে অর্ধশতাধিক ছাগলের মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ৪:৩১ সময় , আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ৪:৩১ সময়

লালমনিরহাট থেকে যাত্রীবাহী বাসের মালামাল রাখার বাক্সে গাদাগাদি করে আনা ৫৫টি ছাগল দীর্ঘ পথে গরম ও পর্যাপ্ত বাতাসের অভাবে দমবন্ধ হয়ে মারা গেছে। এই ঘটনায় ছাগল মালিক ও বাসের সুপারভাইজারকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে। দৈনিক ইত্তেফাকের তথ্য অনুযায়ী, শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ক্যাথোয়াইপ্রু মারমা এ জরিমানা করেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লালমনিরহাট থেকে শুক্রবার রাতে ‘অনিন্দ্য’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে বাক্সের ভেতরে গাদাগাদি করে ৫৫টি ছাগল পরিবহন করা হয়। এর মধ্যে নোয়াখালীর এক ব্যবসায়ীর ৮টি এবং লক্ষ্মীপুরের ব্যবসায়ীর ৪৭টি ছাগল ছিল। দীর্ঘ পথ চলার সময় তীব্র গরম ও বাতাসের অভাবে ছাগলগুলো দমবন্ধ হয়ে মারা যায়। পরে বিষয়টি নিয়ে মালিক পক্ষ ও বাস সুপারভাইজারের মধ্যে বিরোধ সৃষ্টি হলে পুলিশ তাদের ইউএনও কার্যালয়ে নিয়ে যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয় পক্ষকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


ছাগল ব্যবসায়ী মো. ফারুক দাবি করেন, দীর্ঘদিন ধরে একইভাবে পরিবহন করা হলেও এবার অবহেলার কারণে বড় ক্ষতি হয়েছে, যার আর্থিক পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। অন্যদিকে বাসের সুপারভাইজার আবুল হাসেম বলেন, পরিবহনের সময় ছাগলগুলো স্বাভাবিক ছিল, তবে পথে নামানোর সময় সেগুলো মৃত অবস্থায় পাওয়া যায়।


লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সোহেল রানা জানান, পর্যাপ্ত বাতাসের অভাব ও অতিরিক্ত গরমে ছাগলগুলো দমবন্ধ হয়ে মারা গেছে। ঘটনাটিকে প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে এবং মৃত ছাগলগুলো মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।


সূত্র:  লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ কার্যালয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯