মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সাইক্লিং প্রতিযোগিতা ‘এমসিসি মাস এমটিবি রেস চ্যালেঞ্জ ২০২৬’। এতে অংশ নেন প্রায় ২০০ জন সাইকেলপ্রেমী। ঢাকার ৩০০ ফিট সড়ক থেকে পূর্বাচল পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ এ রুটে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পুরো পথ অতিক্রম করেন। আয়োজকদের মতে, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণদের একত্রিত করা এবং তাদের মধ্যে শারীরিক সুস্থতা ও স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরা।
প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে আকিজ বাইসাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশের সাইক্লিং কমিউনিটির উন্নয়ন এবং তরুণদের সাইকেল চালনায় উৎসাহিত করে আসছে। পাশাপাশি দেশীয়ভাবে মানসম্পন্ন সাইকেল উৎপাদন ও রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান তৈরি করছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের ধৈর্য, দক্ষতা ও প্রতিভা প্রদর্শনের সুযোগ পান। আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ তরুণদের নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনধারার প্রতি আগ্রহী করে তুলতে সহায়ক।
আকিজ বাইসাইকেল কর্তৃপক্ষ জানায়, সাইক্লিং শুধু একটি খেলা নয়, বরং এটি একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের কার্যকর মাধ্যম। ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে যুব সমাজকে আরও সক্রিয় করার পরিকল্পনা রয়েছে।