গ্রেপ্তারের পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কেপি শর্মা অলি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট। শনিবার (২৮ মার্চ) সকালে গ্রেপ্তারের পর তাকে রাজধানীর মহারাজগঞ্জে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে (টিইউটিএইচ) নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, অলি আগে দুইবার কিডনি প্রতিস্থাপন করিয়েছেন। সে কারণে তার শারীরিক অবস্থা বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তার চিকিৎসায় হৃদ্রোগ ও কিডনি বিশেষজ্ঞদের একটি দল কাজ করছে।
চিকিৎসকদের একজন জানান, হাসপাতালে আনার সময় তিনি পেটে ব্যথা এবং হৃৎস্পন্দন বেড়ে যাওয়ার কথা বলেন। প্রাথমিক এক্স-রে পরীক্ষায় পেটে পাথরের উপস্থিতি পাওয়া গেছে, যা ব্যথার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের ৮–৯ সেপ্টেম্বরের জেন-জি আন্দোলনের সময় রাষ্ট্রের ভূমিকা নিয়ে তদন্তে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
একই ঘটনায় নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও আটক করা হয়েছে। তার পরিবার জানিয়েছে, তিনি বর্তমানে মহারাজগঞ্জে নেপাল পুলিশের ২ নম্বর ব্যাটালিয়নে রয়েছেন।
সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট