গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। শনিবার রাতে কালিয়াকৈর বাইপাস সড়কের পাশে ফাতেমা হোটেল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে একটি সংঘবদ্ধ চক্রের তেল মজুতের তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলে থাকা কয়েকজন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রি করে আসছিল বলে ধারণা করা হচ্ছে। জব্দ করা ডিজেল উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।