যুক্তরাষ্ট্রে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডিএইচএস সম্প্রতি গ্রেপ্তারকৃতদের নাম, পরিচয় ও অভিযোগের তালিকা প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, অবৈধ অভিবাসন ও অপরাধ দমনে দেশজুড়ে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) জানায়, গত এক বছরে যুক্তরাষ্ট্রে প্রায় ৪ লাখ নথিপত্রহীন অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ৫৬ হাজার জনের বিরুদ্ধে পূর্বে গুরুতর অপরাধে দণ্ডিত হওয়ার রেকর্ড রয়েছে। ডিএইচএসের এক বিবৃতিতে বলা হয়েছে, জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
প্রকাশিত তথ্যে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যৌন অপরাধ, মাদক সংক্রান্ত অপরাধ, অস্ত্র বহন, চুরি, জালিয়াতি ও প্রতারণাসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে ক্যানসাসের ফোর্ট স্কট থেকে একজনকে অপ্রাপ্তবয়স্ককে অনৈতিক কাজে ব্যবহার ও অবৈধ জুয়া পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করা হয়। নর্থ ক্যারোলিনা, নিউইয়র্ক, ভার্জিনিয়া, টেক্সাস, ফ্লোরিডা, মিশিগান ও অ্যারিজোনার বিভিন্ন শহর থেকেও আলাদা আলাদা অভিযোগে বাকিদের আটক করা হয়েছে।
ডিএইচএসের ডেপুটি সেক্রেটারি লরেন বেস বলেন, যারা সহিংসতা বা নিরীহ মানুষের ক্ষতির সঙ্গে জড়িত, তাদের যুক্তরাষ্ট্রে কোনো স্থান নেই। জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সূত্র: ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)