বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকায় এক ব্যতিক্রমী মানবিক ঘটনার জন্ম দিয়েছেন গাড়িচালক আবদুল কাদের। ২৩ বছর আগে স্ত্রীর দেওয়া একটি প্রতিশ্রুতি পূরণ করে তিনি নাতনিকে সমান ওজনের ধাতব মুদ্রা উপহার দিয়েছেন। গত শুক্রবার নিজ বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে নাতনি নাঈমা খাতুন (২৩)-কে দাঁড়িপাল্লায় বসিয়ে তার সমান ওজনের প্রায় ৭০ কেজি ৩০০ গ্রাম ধাতব মুদ্রা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রায় ১৫০ জন অতিথি উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নাঈমার জন্মের সময় তার নানি পাতা বেগম প্রতিশ্রুতি দিয়েছিলেন, নাতনির বিয়ের সময় তাকে দাঁড়িপাল্লায় তুলে সমান ওজনের ধাতব মুদ্রা উপহার দেওয়া হবে। সেই সময় থেকেই স্বামী আবদুল কাদের ও স্ত্রী মিলে ছোট ছোট করে মুদ্রা জমাতে শুরু করেন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে যায়। দুই বছর আগে পাতা বেগমের মৃত্যু হয়। পরে নাঈমার বিয়ে হলেও প্রয়োজনীয় মুদ্রা তখনও পুরোপুরি জোগাড় হয়নি। তবে পরবর্তীতে দীর্ঘদিনের সঞ্চয় ও প্রস্তুতির মাধ্যমে শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন আবদুল কাদের।
অনুষ্ঠানে আবদুল কাদেরের ভাতিজা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, বেশিরভাগই ছিল ৫ টাকার মুদ্রা, যা বহু বছরের সংগ্রহে জমা করা হয়েছিল। পুরো আয়োজনটি পারিবারিক হলেও পরে তা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
উপহার পেয়ে আবেগাপ্লুত নাঈমা খাতুন বলেন, এটি তার নানির স্বপ্ন ছিল, আর নানা সেই স্বপ্ন বাস্তবায়ন করায় তিনি কৃতজ্ঞ।