স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান পোশাকে বাংলাদেশ পুলিশের সদস্যরা সন্তুষ্ট নন এবং এ বিষয়ে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর একটি দীর্ঘদিনের প্রত্যাশা রয়েছে। সব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় দেখা গেছে, বর্তমান পোশাকে তারা সন্তুষ্ট নন। তাই ঐতিহ্যবাহী ও গ্রহণযোগ্য একটি নতুন পোশাক দেওয়ার বিষয়ে সরকার সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, সরকার পুলিশের ভূমিকা জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, কোনো দল বা গোষ্ঠীর বাহিনী হিসেবে নয়। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলাই লক্ষ্য। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ চলছে এবং জনবল বৃদ্ধিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একটি দক্ষ ও পেশাদার বাহিনী গড়ে তোলাই সরকারের উদ্দেশ্য।
তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, রাষ্ট্র পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই দায়িত্ব পালন করতে হবে সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে। জনগণের সঙ্গে আচরণ হতে হবে মানবিক ও সেবামূলক।
তিনি আরও বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে সাইবার অপরাধ দমন ও আধুনিক তদন্তে দক্ষতা অর্জন এখন সময়ের দাবি।