ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ এবং একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় প্রায় ২৮ ঘণ্টা ধরে স্থবির থাকার পর অবশেষে স্বাভাবিক হয়েছে সিরাজগঞ্জ মহাসড়ক ও যমুনা সেতু এলাকার যান চলাচল। শুক্রবার (২৭ মার্চ) ভোর রাত ৩টা থেকে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। এতে সয়দাবাদ ও কড্ডারমোড় এলাকা থেকে শুরু হয়ে যানজট ছড়িয়ে পড়ে আশপাশের বিভিন্ন স্থানে। সেতুর পশ্চিম টোল প্লাজা থেকে সায়দাবাদ রেলওয়ে স্টেশন পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, সেতুর পূর্ব পাশে টাঙ্গাইল এলাকায় একটি দুর্ঘটনার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। পাশাপাশি মহাসড়কের বিভিন্ন স্থানে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। চাপ সামাল দিতে সেতুর চারটি লেনই ঢাকাগামী যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী এক যাত্রী জানান, রাত ১টায় যাত্রা শুরু করেও সকাল ৬টায় সিরাজগঞ্জের সলঙ্গায় পৌঁছে যানজটে আটকে পড়েন এবং কখন গন্তব্যে পৌঁছাবেন তা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। তবে রাতভর যানজট ও ধীরগতির পর শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার পর থেকে পরিস্থিতির উন্নতি হতে থাকে এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকাল ৮টার পর থেকে মহাসড়কে আর কোনো যানজট বা ধীরগতি নেই। এছাড়া সেতু কর্তৃপক্ষ জানায়, একাধিক যানবাহন বিকল হওয়া এবং অতিরিক্ত চাপের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।