বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি নিয়ে কৌতুক করে নতুন বিতর্ক তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই কৌশলগত জলপথকে মজার ছলে ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে উল্লেখ করেন। ফ্লোরিডার মিয়ামিতে আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, “ইরানকে ট্রাম্প প্রণালি… থামুন, আমি বলতে চেয়েছি হরমুজ প্রণালি খুলে দিতে হবে।” এরপর তিনি মন্তব্যটি ভুল বোঝা হতে পারে বলে আগেভাগেই ব্যাখ্যা দেন।
ট্রাম্পের এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাস্যরোল সৃষ্টি হয়। তিনি আরও ইঙ্গিত দেন যে, ভবিষ্যতে মিডিয়া এই বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করতে পারে, তবে তাঁর মতে এখানে কোনো ভুল হয়নি। বর্তমানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবাহিত হয়, যা বাধাগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, এমন সময়ে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ নিয়ে এ ধরনের মন্তব্য শুধু কৌতুক নয়, বরং এটি রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। এর আগে বিভিন্ন সময় ট্রাম্প তার নাম ব্যবহার করে নানা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ধারণা দিয়েছেন বলেও আলোচনা রয়েছে, যা আবারও সামনে এসেছে এই মন্তব্যকে কেন্দ্র করে।
সব মিলিয়ে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই কৌতুক নতুন করে কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: সিএনবিসি