পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে টানা দীর্ঘ ছুটি শেষে আগামী রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আবার শুরু হচ্ছে শ্রেণি কার্যক্রম। প্রায় ৪০ দিনের এই ছুটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরবে ২৯ মার্চ রোববার থেকে।
সংশোধিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয় এবং ২৬ মার্চ পর্যন্ত তা নির্ধারিত ছিল। তবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়সহ চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এতে অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আগেভাগেই ঈদের ছুটি কার্যকর হয়।
ছুটি শেষে রোববার থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে ছুটি শেষে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরবর্তী ১০টি শনিবারেও পাঠদান চালু থাকবে। এর অংশ হিসেবে আগামী ৪ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও ক্লাস চলবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে।