ইরান স্পষ্টভাবে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী ‘ফলপ্রসূ আলোচনা’ হচ্ছে—এটি ভিত্তিহীন এবং মিথ্যা। বুধবার (২৫ মার্চ) ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই বলেন, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো ধরনের সংলাপ বা সমঝোতা নেই।বাঘায়েই স্মরণ করিয়ে দেন, গত ৯ মাসে পারমাণবিক ইস্যুতে আলোচনার টেবিলে বসার সময়ই ইরানের ওপর দু’বার বড় ধরনের হামলা হয়েছে। তিনি বলেন, এটি কূটনীতির আড়ালে চরম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়।
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ ও পররাষ্ট্র মুখপাত্র উভয়ই জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন চলবে এবং ক্ষতিপূরণ ও নিরাপত্তার নিশ্চয়তা নিশ্চিত হবে না, ততক্ষণ কোনো আলোচনা বা চুক্তি সম্ভব নয়।
বিশ্লেষকরা মনে করছেন, ওমান, কাতার ও পাকিস্তানের মাধ্যমে পর্দার আড়ালে বার্তা আদান-প্রদান চললেও প্রকাশ্যে ইরান কোনো নমনীয়তা দেখাতে চাইছে না। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানে বিপুল প্রাণহানি ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তেহরান এই মুহূর্তে কোনো চুক্তিকে আত্মসমর্পণ হিসেবে দেখছে।