ক্ষমতা গ্রহণের মাত্র দেড় সপ্তাহের মাথায় আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বড় ধরনের অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন নবনির্বাচিত

মধ্যপ্রাচ্য যুদ্ধে চাপে বিএনপি সরকার: বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩৮ সময় , আপডেট সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩৮ সময়

ক্ষমতা গ্রহণের মাত্র দেড় সপ্তাহের মাথায় আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বড় ধরনের অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন নবনির্বাচিত বিএনপি সরকার। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত চতুর্থ সপ্তাহে পা দিতেই এর প্রভাব বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে পড়তে শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সকাল ১০টায় জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা অংশ নেবেন। ইতিমধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী রয়েছেন। তারা ইতিমধ্যে আন্তর্জাতিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি বিশ্লেষণে কাজ শুরু করেছেন।


স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যুদ্ধকে ‘অন্যায় ও আগ্রাসী’ হিসেবে অভিহিত করে বলেন, আন্তর্জাতিক তেলের বাজার অস্থিতিশীল হলে পরিবহন ও নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে, যা সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করবে। বিগত এক মাসে সরকার বেশ কিছু কল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে নদী ও খাল খনন প্রকল্প, ইমাম-পুরোহিতদের সম্মানী ভাতা, কৃষকদের ‘কৃষক কার্ড’ ও দরিদ্রদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ উল্লেখযোগ্য। তবে যুদ্ধের কারণে জ্বালানি আমদানি ব্যয় বাড়লে এসব প্রকল্পের অর্থায়নে টান পড়ার আশঙ্কা করা হচ্ছে।


সরকার ইতিমধ্যে কিছু তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী স্পট মার্কেট থেকে চারটি এলএনজি কার্গো কেনার নির্দেশ দিয়েছেন। এছাড়া সরকারি ও বেসরকারি পর্যায়ে জ্বালানি সাশ্রয়ের জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে, যার মধ্যে ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিত করা ও তেল ক্রয়ে সীমা নির্ধারণ অন্তর্ভুক্ত। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, সরকার বহুমাত্রিক উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। তিনি আশ্বস্ত করেছেন যে, বিগত সরকারের অপচয় ও দুর্নীতি বন্ধ করে সামাজিক সুরক্ষা খাতের সুবিধা আরও বাড়ানো হবে। আগামী বাজেটে করের হার না বাড়িয়ে কর ফাঁকি রোধের মাধ্যমে জনকল্যাণমুখী অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।


এখন দেখার বিষয়, আন্তর্জাতিক যুদ্ধের অভিঘাত সামলে নতুন সরকার কতটা সফলভাবে তাদের উন্নয়ন এজেন্ডা এগিয়ে নিতে সক্ষম হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯