পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দ ও মানবিক সহায়তার ব্যয়ের পূর্ণাঙ্গ তালিকা জনসমক্ষে প্রকাশ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই হিসাব বিবরণী এবং সুবিধাভোগীদের তালিকা শেয়ার করেন। হিসাব বিবরণী অনুযায়ী, দেবিদ্বারের দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ১০ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে। সরকারি সহায়তার আওতায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডের ১০০০ জন সুবিধাবঞ্চিত মানুষকে ১০০০ টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের মাধ্যমে আরও ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে সংসদ সদস্য জানিয়েছেন, তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। প্রতিটি ওয়ার্ডের প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তবে বরাদ্দ সীমিত হওয়ায় সব দুস্থ মানুষকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। সরকারি বরাদ্দে ১০০০ জন এবং ব্যক্তিগত উদ্যোগে ৫০০ জনসহ মোট ১৫০০ জন এই সহায়তার আওতায় এসেছেন।
নিরাপত্তার স্বার্থে উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মোবাইল নম্বর আংশিক ঢেকে দেওয়া হলেও প্রশাসনিক যেকোনো তদন্ত বা অনুসন্ধানের জন্য সব তথ্য উন্মুক্ত রাখা হয়েছে। হাসনাত আবদুল্লাহ বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।