আসন্ন ঈদুল ফিতরের ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা এবং পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ সহজ করতে সীমিত

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১২:৫৫ সময় , আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১২:৫৫ সময়

আসন্ন ঈদুল ফিতরের ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা এবং পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ সহজ করতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে। নির্দেশনা অনুযায়ী, ঈদের দিন ছাড়া আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর সংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও বুথ প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে। এই ব্যবস্থা সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিনেও কার্যকর থাকবে।


পোশাক শিল্পপ্রধান এলাকাগুলোতে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ সহজ করতে ১৮ ও ১৯ মার্চ বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় সাভার, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পঘন এলাকায় নির্ধারিত ব্যাংক শাখাগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে। তবে গ্রাহকদের সঙ্গে সরাসরি লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে।


আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে বন্দর এলাকার ব্যাংক শাখাগুলোর জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত বন্দর সংলগ্ন ব্যাংকগুলো নিজস্ব ব্যবস্থাপনায় লেনদেনের সময়সূচি নির্ধারণ করবে।তবে ২১ মার্চ চাঁদ দেখা সাপেক্ষে যদি পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়, তাহলে সেদিন দেশের সব ব্যাংক সম্পূর্ণ বন্ধ থাকবে।


কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যবসায়ীদের দাপ্তরিক কার্যক্রম এবং কাস্টমস সংক্রান্ত জটিলতা এড়াতে ছুটির মধ্যেও ব্যাংকিং সেবা চালু রাখা হচ্ছে। এতে বৈদেশিক বাণিজ্য, রপ্তানিমুখী শিল্প ও রেমিট্যান্স সংশ্লিষ্ট আর্থিক লেনদেন সচল থাকবে বলে আশা করা হচ্ছে। এ নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করারও পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যাতে গ্রাহক ও ব্যবসায়ীরা ছুটির মধ্যেও প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিতে পারেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯