চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে ৪২৯ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক বিভাগ। রোববার ১৫ মার্চ সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে জানা যায়, শারজাহ থেকে আসা একটি উড়োজাহাজ অবতরণের পর গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক বিভাগের হলে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর শুল্ক শাখার কর্মকর্তারা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। তল্লাশির সময় দুই যাত্রীর লাগেজ পরীক্ষা করে মোট ৪২৯ কার্টন সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা বলে জানিয়েছে শুল্ক বিভাগ।
আটক যাত্রীদের মধ্যে একজন হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা হাসান মিয়া এবং অন্যজন কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমুল করিম। শুল্ক বিভাগ জানিয়েছে, উদ্ধার করা সিগারেটগুলো বিভাগীয় নথিভুক্ত মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, আমদানি নিষিদ্ধ বা সীমাবদ্ধ পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ ঠেকাতে এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে নজরদারি আরও জোরদার করা হয়েছে।