খুলনার পাইকগাছা উপজেলায় ভারতী মন্ডল নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বাগেরহাটের শরণখোলা থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) চিনময় মন্ডলের মা। পুলিশ জানিয়েছে, রোববার ১৫ মার্চ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা ভারতী মন্ডলকে গলা কেটে হত্যা করে বাড়ির পাশের একটি মাছের ঘেরে ফেলে রেখে যায়। রোববার সকালে প্রতিবেশীরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আশপাশে খুঁজতে গিয়ে মাছের ঘেরের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনিছুর রহমান ও সহকারী পুলিশ সুপার আমির হামজা।
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।