ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত ক্রমেই তীব্র হয়ে উঠছে। গতকাল ছিল এই যুদ্ধের ১৬তম দিন, তবে এখনো কোনো পক্ষই পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে তিনি রাজি নন। অন্যদিকে তেহরানও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তারা কোনো যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত নয়। সংঘাত বন্ধে মিশর ও ওমান মধ্যস্থতার চেষ্টা চালালেও এখন পর্যন্ত কোনো পক্ষই সেই উদ্যোগে সাড়া দেয়নি। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এর মধ্যে নতুন অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ৯/১১ হামলার মতো আরেকটি ঘটনা সাজানোর পরিকল্পনা করছে, যার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা হতে পারে। তবে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই যুদ্ধের সমাপ্তির সম্ভাবনা দেখা যেতে পারে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ অন্তত আরও তিন সপ্তাহ চলতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পশ্চিম ইরানে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দুপুরের পর থেকে সেখানে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, পশ্চিম ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে বড় আকারের হামলা চালানো হয়েছে। এদিকে মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, খারগ দ্বীপে আবারও হামলা চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। এর মধ্যেই যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় সামরিক সরঞ্জাম কেনার জন্য ৮২৭ মিলিয়ন ডলারের বাজেট অনুমোদন করেছে ইসরায়েল সরকার।